খাগড়াছড়িতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের পরও একটি মহল সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, “পার্বত্য এলাকায় ছোটখাটো ঘটনাকে বড় করে তোলার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা বাহিনীও সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং জামিনে থাকা সন্ত্রাসীদের গ্রেফতার এখন অন্যতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে এবং চালিয়ে যাবে।”
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
এলএনডি/এমআর






