শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর রাত পর্যন্ত পূজাকে ঘিরে মোট ৪৯টি ছোটখাটো ঘটনা ঘটেছে। তবে কোনোটিই বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করেনি। সবকিছু আমরা দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করেছি।”
আইজিপি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার পর থানাগুলোতে সাধারণ ডায়েরির পাশাপাশি ১৫টি মামলা রেকর্ড করা হয়েছে। এসব মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
বিচ্ছিন্ন ঘটনাগুলোর ধরন সম্পর্কে তিনি জানান, “কোথাও পূজামণ্ডপে পানি নিক্ষেপ, কোথাও প্রতিমা হেলে পড়া, আবার কোথাও পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়া, প্যান্ডেলের ছাউনিতে ব্লেড দিয়ে কেটে দেওয়া—এমন কিছু ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রামে একজন ব্যক্তি নিজেকে জামায়াত কর্মী পরিচয় দিয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলেন।”
এ বিষয়ে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “চট্টগ্রামের ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, তার সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই।”
এলএনডি/এমআর






