দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন রোগী। একই সময়ে এই রোগে প্রাণ হারিয়েছেন আরও চারজন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরীর দুই সিটি করপোরেশন এলাকায় ২০৯ জন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন—ঢাকা বিভাগে ১৬৪ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রামে ৯১ জন, খুলনায় ১০১ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৫৪ জন, রংপুরে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন।
মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং বাকি দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বলে জানানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল উদ্বেগজনক। সে বছর মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, এবং প্রাণ হারান ৫৭৫ জন।
এলএনডি/এমআর






