জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধ সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং তার কার্যকর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হয় তার ভাষণ।
ড. ইউনূস বলেন, “বিদেশে পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার এখন আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। গত দেড় দশকে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। আমরা সেই অর্থ ফেরত আনতে নানা উদ্যোগ নিচ্ছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর জটিল আইনগত প্রক্রিয়া ও অনীহা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা ও সদিচ্ছা ছাড়া এই সম্পদ পুনরুদ্ধার সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো উন্নয়নশীল দেশ থেকে সম্পদের অবৈধ স্থানান্তর রোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বরং কিছু আন্তর্জাতিক আর্থিক নীতিমালা ট্যাক্স হেভেনে অর্থ স্থানান্তরে উৎসাহ জোগাচ্ছে। আমি আহ্বান জানাই— যেসব দেশ ও প্রতিষ্ঠান এসব অবৈধ অর্থ গচ্ছিত রাখছে, তারা যেন এই অপরাধে অংশীদার না হয়। পাচারকৃত অর্থ তার প্রকৃত মালিক, অর্থাৎ কৃষক, শ্রমজীবী ও সাধারণ নাগরিকদের কাছে ফিরিয়ে দিতে হবে।”
এলএনডি/এমআর






