যুবশক্তির অন্তর্ভুক্তি ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয় : প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বেকারত্বকে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চ্যালেঞ্জ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যুবসমাজকে অন্তর্ভুক্ত না করলে বৈশ্বিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বড় সুযোগ তৈরি হয়েছে, তবে এর সুফল যেন লোভের দেয়ালে আটকে না যায়।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ‘যুবদের জন্য বিশ্ব কর্মসূচি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আয়োজকদের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পঁচাশি বছর বয়সে এসে আন্তঃপ্রজন্মীয় সহযোগিতার মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়টি নতুনভাবে উপলব্ধি করছি। গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুবশক্তির অসাধারণ ভূমিকা। তারা সাহসের সঙ্গে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতির দিকনির্দেশনা নতুনভাবে নির্ধারণ করেছে এবং আমাকে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব দিয়েছে।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “যুবরাই পরিবর্তনের চালিকাশক্তি। অথচ বৈষম্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সুরক্ষাবাদ এবং ডিজিটাল বিভাজনের প্রভাব তাদের ওপরই আগে এসে আঘাত করে।”

তিনি জোর দিয়ে উল্লেখ করেন, “সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সংকট। যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় চারগুণ বেশি, বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে।”

বাংলাদেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “আমরা একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি, যেখানে অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং বাজারে প্রবেশাধিকারের নিশ্চয়তা রয়েছে। এর মাধ্যমে যুবকরা চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারীতে পরিণত হবে। পাশাপাশি সংস্কার কমিশনগুলোতে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং একটি জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করা হয়েছে, যাতে তাদের কণ্ঠস্বর গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রতিফলিত হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ দৃঢ়ভাবে ‘যুবদের জন্য বিশ্ব কর্মসূচি’, ‘ভবিষ্যতের জন্য চুক্তি’, ‘জাতিসংঘ যুব নীতি ২০৩০’ এবং ‘যুব, শান্তি ও নিরাপত্তা’ কর্মপরিকল্পনাকে সমর্থন করে।”

প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, “কোনো দেশ একা যুবসমাজকে ক্ষমতায়িত করতে পারবে না। বাধা দূর করা, ন্যায় নিশ্চিত করা এবং আন্তঃপ্রজন্মীয় নেতৃত্ব তৈরি করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। নইলে হতাশা দ্রুত অস্থিরতায় রূপ নিতে পারে।”

শেষে তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ ভাগাভাগি করে নিতে হবে। যুবসমাজকে শুধু তাদের অধিকার, নিরাপদ পরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, তারা সঠিক সিদ্ধান্তই নেবে—নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং আমাদের যৌথ ভবিষ্যতের জন্য।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন