মোবাইল টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা চীনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নতুন পাঁচটি ভ্রাম্যমাণ (ভিআইপি) টয়লেটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে।

যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ সফরের অনুমোদন দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর বা ছুটি শুরুর দিন থেকে পরবর্তী সাত দিনের জন্য এই সফর কার্যকর হবে।

প্রশিক্ষণে অংশ নেবেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, পাঁচটি নতুন মোবাইল টয়লেট সরবরাহের অংশ হিসেবে কর্মকর্তারা এগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নেবেন। সফরটি সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে এবং এর সব ব্যয় বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

তবে প্রধান উপদেষ্টা কার্যালয় আগে থেকেই নির্দেশনা দিয়ে আসছে যে, ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এড়িয়ে চলতে হবে। তবুও এরকম সফর নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।

এর আগে বিদ্যুৎ বিভাগ, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), আইএমইডি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন কর্মকর্তা ঠিকাদারদের অর্থায়নে বিদেশ সফর করেছেন বলে জানা যায়। এসব সফরের অনুমতি সাধারণত নতুন যন্ত্রপাতি, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বা অন্যান্য সরঞ্জামের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের শিরোনামে দেওয়া হয়ে থাকে।

সরকারি বিধি অনুযায়ী, জাতীয় স্বার্থ ছাড়া কর্মকর্তাদের একসঙ্গে বিদেশ সফর করা উচিত নয়। আর যদি সরকারি অর্থে হয়, তবে তা হতে হবে ন্যূনতম এবং প্রয়োজনীয়।

বিশেষজ্ঞদের মতে, ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে এমন সফর স্বার্থসংঘাত সৃষ্টি করে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কমানোর নির্দেশনা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। ঠিকাদারদের ব্যয়ে এই ধরনের ভ্রমণ অনৈতিক, কারণ এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি কর্মকর্তাদের নির্ভরশীলতা ও পক্ষপাত তৈরি হওয়ার ঝুঁকি থাকে, যা সেবার মানের ওপর প্রভাব ফেলতে পারে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন