স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর র্যাবের কার্যক্রম নতুনভাবে জনগণের প্রশংসা অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনামলে র্যাবের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও জুলাই গণঅভ্যুত্থানের পর এ বাহিনী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, র্যাবকে অতীতের ভুল পেছনে ফেলে নতুন উদ্যমে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে র্যাবের ভূমিকা প্রশংসনীয়। তবে তিনি সতর্ক করে বলেন, মাদক ব্যবসার গডফাদাররা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উদ্ধার না হওয়া অস্ত্রগুলো খুঁজে বের করতেও র্যাবকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে, তাই র্যাব সদস্যদের আরও সতর্ক ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এখন থেকেই টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন বিশেষ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা ও নাশকতার ঝুঁকি বাড়তে পারে। তাই র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মারণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পরে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নিয়ে কোনো শঙ্কা নেই। গতবারের চেয়েও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
তিনি জানান, অন্যান্য বাহিনীর পাশাপাশি পাঁচ দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজামণ্ডপে মণ্ডপ কর্তৃপক্ষের পক্ষ থেকে সাতজন করে স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। দায়িত্ব যথাযথভাবে পালন করা হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় র্যাবের মহাপরিচালক একে এম শহিদুর রহমানসহ সব ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।
এলএনডি/এমআর






