ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য নতুন সূচনা বয়ে আনবে : প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতোরির নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি প্রতিনিধি দলকে জানান, “আমরা ইতিমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শুরুতে, রমজানের ঠিক আগে।”

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচনী উৎসাহ বাড়ছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর ছাত্র সংসদ নির্বাচন পুনরায় শুরু হওয়ায় জাতীয় নির্বাচনের প্রতিও তাদের আগ্রহ বেড়েছে।

তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর। যদিও কিছু মহল ভোট বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে অটল রয়েছে।

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, তরুণ ভোটাররা এবার রেকর্ড সংখ্যায় অংশ নেবে, কারণ অনেকে দীর্ঘ ১৫ বছর পর প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। তার ভাষায়, “ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য নতুন সূচনা বয়ে আনবে। এটি আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে।”

এক ঘণ্টার বৈঠকে প্রধান উপদেষ্টা ও ইউরোপীয় প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

ইউরোপীয় আইনপ্রণেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। তারা অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসের ‘অসাধারণ’ প্রচেষ্টার প্রশংসা করেন।

একজন ডাচ এমইপি মন্তব্য করেন, বাংলাদেশ অল্প কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে “ঘটনাগুলো সঠিক পথে এগোচ্ছে।”

প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি তহবিল প্রদানের আহ্বান জানান। বিশেষ করে অর্থাভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সহায়তা চেয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বৈঠকে শ্রম সংস্কারসহ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন এবং উল্লেখ করেন, এসব উদ্যোগ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও মজবুত করবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন