জুলাই জাতীয় সনদের সাংবিধানিক প্রস্তাবগুলো সংবিধান আদেশ (সিও) আকারে কার্যকর করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ আদেশের প্রতি জনগণের অনুমোদন নেওয়ার প্রস্তাবও দিয়েছেন তারা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের তৃতীয় দিনে বিষয়টি উত্থাপন করা হয়।
এর আগে গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের বৈঠকে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদ অনুসারে সংবিধান আদেশ জারি করে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল।
প্রস্তাবে বলা হয়, অন্তর্বর্তী সরকার চাইলে জুলাই সনদের মৌলিক সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি সংবিধান আদেশ জারি করতে পারে, যা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
বিশেষজ্ঞরা আরও মত দেন, এই সংবিধান আদেশকে গণভোটে উপস্থাপন করা যেতে পারে এবং তা সংসদ নির্বাচনের একই দিনে আয়োজন করা সম্ভব। গণভোটে জনগণের অনুমোদন পেলে আদেশটি প্রণয়নের তারিখ থেকেই বৈধ হিসেবে গণ্য হবে।
এলএনডি/এমআর






