আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে মোট ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।
বন্দর সূত্রে জানা গেছে, কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল এ চালান আমদানি করেছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে (৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে (৩৬০ টন) এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে (৪০ টন) ইলিশ রপ্তানি করতে পারবে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।
এলএনডি/এমআর






