স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। তবে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত। উপদেষ্টা হওয়ার আগ থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। যেহেতু ক্যানসার চিকিৎসা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তাই সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি ছিল। এটি মানবিক বিষয় হিসেবে দেখা উচিত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা নেওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার আগেই সেখানে চিকিৎসা শুরু করেছিলেন। ক্যানসারের মতো রোগের চিকিৎসা ধারাবাহিকভাবে করতে হয়, তাই বিদেশে যাওয়া প্রয়োজন ছিল। বিষয়টিকে মানবিকভাবে দেখা উচিত।’
দেশের চিকিৎসাব্যবস্থা প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও বলেন, ‘কোনো ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার কারণে দায়িত্ব পালনে প্রশ্ন তোলা সঠিক নয়। বরং আমাদের লক্ষ্য হলো এমন একটি উন্নত স্বাস্থ্যব্যবস্থা তৈরি করা, যাতে ভবিষ্যতে কাউকে চিকিৎসার জন্য বিদেশ যেতে না হয়।’
তিনি আরও জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জটিল রোগের চিকিৎসায় বিদেশনির্ভর ছিল। তবে অন্তর্বর্তী সরকার এখন সেই অবস্থার পরিবর্তনে কাজ করছে। চীনের সহযোগিতায় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে দেশে থেকেই জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করবে।
এলএনডি/এমআর






