অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জন্য এবং মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর মতো আন্দোলনের মুখোমুখি হতে হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, “অনেকে বলেন দেশে কিছুই হচ্ছে না, আসলে তা নয়। আমরা সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া কোনো সংস্কার দীর্ঘস্থায়ী হবে না।”
তিনি আরও বলেন, স্বজনপ্রীতি ও দুর্নীতি থেকে মুক্ত থেকে সুষ্ঠু রাজনৈতিক চর্চা চালু থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত। এনবিআর সংস্কারের উদাহরণ টেনে তিনি বলেন, “কেউ কেউ আমাকে পাগল বলেছে। কর্মচারীরা বাধা দিয়েছে, আন্দোলন করেছে, অনেকের কাছে সুপারিশ করেছে। কিন্তু এসব কোনো কাজে আসেনি।”
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা সরকারের কাছ থেকে প্রশংসা চাই না। তবে যৌক্তিক কাজে সহযোগিতা চাই। যদি জনগণের স্বার্থে কাজ না করা হয়, তবে রাজনীতিবিদদের আবারও ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে।”
এলএনডি/এমআর






