মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে যথাযথভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ ও পুনর্বাসন বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেকেই নিয়মিত এ ভাতা পাবেন। জুলাইয়ের চেতনা ধরে রেখে তাদের ত্যাগের সঠিক মূল্যায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, আহতদের পুনর্বাসনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি যোদ্ধাদের কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেবে।
ফারুক-ই-আজম বলেন, দেশে উন্নত চিকিৎসার পাশাপাশি আহতদের বিদেশেও পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৭৮ জন যোদ্ধা উন্নত চিকিৎসার সুযোগ পেয়েছেন।
সভায় জানানো হয়, এ পর্যন্ত ১২ হাজার ৪৩ জন জুলাই যোদ্ধার মাঝে ১৪৭ কোটি ৯২ লাখ টাকা সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলএনডি/এমআর






