স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে। তিনি বলেছেন, আশা করবো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।
রবিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ অংশীদার।”
পুলিশকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলোকে ভুলে যেতে হবে। কোনো দলের দিকে ঝুঁকে থাকা যাবে না, জনগণের পাশে দাঁড়াতে হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার পুলিশ বাহিনীতে ন্যায্য নিয়োগ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সুপারিশ করা হয়নি, এবং পোস্টিং হচ্ছে লটারির মাধ্যমে। তবে তার মতে, পুলিশের ব্যর্থতাগুলো প্রচারিত হলেও সফলতাগুলো যথেষ্টভাবে সামনে আনা হয় না।
অপারেশন ‘ডেভিল হান্ট’ প্রসঙ্গে তিনি বলেন, নাম পরিবর্তন হলেও কার্যক্রম থেমে যায়নি। জামিনে থাকা কিছু ব্যক্তি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে অশান্তি সৃষ্টির অপচেষ্টা থাকলেও তা প্রতিহত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এলএনডি/এমআর






