অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেছেন, আদালত অবমাননার দায় থেকে প্রধান বিচারপতিও মুক্ত নন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আইনজীবীদের বিরুদ্ধে অবমাননা হয়, কিন্তু বিচারকদের বিরুদ্ধে কেন হবে না—এটা ভেবে দেখার বিষয়। প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার দিন আমি তাকে বলেছিলাম, কোনো বিচারক যেন কোনো আইনজীবীকে অসম্মান না করেন। প্রায় ৮০ হাজার আইনজীবী আদালতের কর্মকর্তা। তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। একইসঙ্গে মনে রাখতে হবে, প্রধান বিচারপতিও আদালত অবমাননার ঊর্ধ্বে নন।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “কোনো বিচারক যদি এমন আচরণ করেন যাতে মানুষের মনে ন্যায়বিচার পাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়, তবে সেটি আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আর সেই অবস্থায় সংশ্লিষ্ট বিচারক নিজেই আদালত অবমাননার দায়ে দোষী বিবেচিত হতে পারেন।”
সভায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমির হোসাইন বুলবুলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট মাইন উদ্দীন খসরু, অ্যাডভোকেট আবদুল হকসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের আইনজীবী ও রাজনৈতিক নেতারা।
এ সময় আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এলএনডি/এমআর






