কর ফাঁকি কমানো এবং ব্যবসায়ীদের দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার। সোমবার (১ সেপ্টেম্বর) ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম বৈঠকে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, বাণিজ্য প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে অপ্রয়োজনীয় প্রবিধান ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা পর্যালোচনা করা হবে। এতে করে ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত হবে এবং ব্যবসায়ীরা সমান সুযোগ পাবেন। ফলে বাণিজ্যের পরিমাণ বাড়ার পাশাপাশি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, “আমরা এমন একটি দক্ষ ট্রেড ব্যবস্থাপনা চাই, যা জাতীয় অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং সম্পদের সুষম বণ্টনে সহায়ক হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান আবদুর রহিম খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এলএনডি/এমআর






