বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি মনে করছে, এ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সমর্থনের কথা জানান তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।
বৈঠকে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের সহযোগিতার প্রশংসা করা হয়। বাংলাদেশের সংস্কার এজেন্ডা, উন্নয়ন অগ্রাধিকার এবং অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গুইন লুইস বলেন, “জাতিসংঘ বাংলাদেশের আসন্ন নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এটি দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।”
বৈঠকে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়, যাতে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়। পাশাপাশি সরকারের সংস্কারমূলক উদ্যোগকে এগিয়ে নিতে কীভাবে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।
সাক্ষাতে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং নিউইয়র্কে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও কথা হয়। উভয় পক্ষই আন্তর্জাতিক সহায়তা তহবিল কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে। তারা জানান, অর্থসংকটের কারণে শরণার্থী শিবিরে শিক্ষা ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা ইস্যুতে কার্যকর মানবিক প্রতিক্রিয়া ধরে রাখতে এখন টেকসই সহায়তা ও আন্তর্জাতিক সংহতি সবচেয়ে জরুরি।”
আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বাংলাদেশের সংস্কার ও উন্নয়ন প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।
এলএনডি/এমআর






