হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজ রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার রাজধানীতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা-র সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, “বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে এই বৈঠক হবে। বিকেল ৩টায় বিএনপি, ৪টা ৩০ মিনিটে জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি ঠেকাতে কোনো শক্তি বা ষড়যন্ত্র সফল হবে না। ইতোমধ্যেই নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। তিনি নুরসহ অন্যান্য আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং উন্নত চিকিৎসার নিশ্চয়তা দেন। নুরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় সময় মিলতে কিছুটা সমস্যা হতে পারে। তবে বৈঠকের সময় সমন্বয়ের জন্য আমরা অনুরোধ জানাব।”
পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায়, জামায়াতের সঙ্গে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনার আয়োজন করা হবে। বৈঠকগুলো অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়।
এলএনডি/এমআর






