গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি নুরকে ফোনে যোগাযোগ করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ফোনালাপে নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে শুক্রবারের ঘটনার বিস্তারিত জানান। এ সময় ড. ইউনূস তাকে আশ্বস্ত করেন যে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার রাতেই আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের খোঁজখবর নেন।
গত শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন নুর। পরে তার সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে এবং নাক ফেটে গেছে। দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিতে বাধ্য হন।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুর লাঠির আঘাতে নাক ও চোয়ালে ভাঙা চোট পেয়েছেন।
এলএনডি/এমআর






