শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ১১টার পর থেকে তারা তিন দফা দাবিতে শাহবাগে অবস্থান নেন। পরে যমুনার দিকে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দুপুর দেড়টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এতে পুলিশ ও শিক্ষার্থী উভয় পক্ষের কয়েকজন আহত হন।
রাত পর্যন্ত আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা পুলিশের ডিসি মাসুদের অপসারণের দাবি তোলেন এবং ডিএমপি কমিশনারের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, আন্দোলনের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় ঘিরে নতুন রুটে যান চলাচল চালু করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের হামলায় অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ জানায়, তাদের ওপরও ইটপাটকেল ছোড়া হয়েছে, এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন।
এলএনডি/এমআর






