রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যেতে প্রস্তুত : নিরাপত্তা উপদেষ্টা

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের অধিকার নিশ্চিত হলে দেশে ফিরে যেতে আগ্রহী—এমন তথ্য জানিয়েছেন রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

কক্সবাজারে আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সংলাপের দ্বিতীয় দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রথম দিনের আলোচনায় রোহিঙ্গারা সরাসরি তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ তারা প্রথমবারের মতো একই মঞ্চে বসে নিজেদের অবস্থান প্রকাশের সুযোগ পেয়েছেন। আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের সম্মিলিত কণ্ঠস্বর উপস্থাপন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, এ সংলাপ আয়োজন করা হয়েছে ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে।

ড. খলিলুর রহমান জানান, আলোচনায় ছয়টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে—

১. রোহিঙ্গাদের অংশগ্রহণ: সমাধান প্রক্রিয়ায় তাদের সরাসরি সম্পৃক্ত করতে হবে।
২. প্রত্যাবাসন: তারা মর্যাদার সঙ্গে স্থায়ীভাবে নিজ ভূমিতে ফিরতে চায়।
৩. আন্তর্জাতিক সহায়তা: খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও মৌলিক সেবায় অনিশ্চয়তা দূর করা প্রয়োজন।
৪. সংলাপ ও আস্থা বৃদ্ধি: বিভিন্ন পক্ষের মধ্যে বিশ্বাস গড়ে তোলা জরুরি।
৫. মিয়ানমারের অপরাধমূলক কর্মকাণ্ড: আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এ সমস্যার সমাধান প্রয়োজন।
৬. জবাবদিহিতা: রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে এ সংকট মোকাবিলা করছে এবং রাজনৈতিক নেতৃত্বও এতে সমর্থন জানিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদাররা সহযোগিতা করতে প্রস্তুত। আমরা আশা করি, আসন্ন জাতিসংঘ সম্মেলনে এই সংলাপের প্রস্তাবনা কার্যকর অবদান রাখবে।”

আলোচনায় অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা সমাধানের বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

ড. খলিলুর রহমান জোর দিয়ে বলেন, মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং সীমান্তের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি উইংয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান উপস্থিত ছিলেন। সংলাপটি আগামীকাল শেষ হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন