রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলনে তিনি ২৫ আগস্ট যোগ দেবেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে আবারও বৈশ্বিক অঙ্গনে গুরুত্ব সহকারে তুলে ধরতে তিনটি বড় সম্মেলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে প্রথমটি কক্সবাজারে অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ১৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের আশা করা হচ্ছে। পরবর্তী সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে কাতারের দোহায়।
কক্সবাজারের সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন উপস্থিত থাকবেন। এ আয়োজনের বিশেষ দিক হচ্ছে, রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরার সুযোগ পাবেন।
এলএনডি/এমআর






