সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ধর্মীয় সৌহার্দ্য বেশি দৃঢ়, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব ও অনুষ্ঠান পালন করে থাকে।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের পিটিআই অডিটরিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, কোনো ধর্ম নিয়েই কটূক্তি, দাঙ্গাহাঙ্গামা বা কারও ব্যক্তিগত অপরাধের দায়ে তার পরিবার বা সম্প্রদায়ের ওপর হামলা করা কোনো ধর্মেই সমর্থন করে না। এগুলো শুধু ঘৃণ্য কাজই নয়, আইন অনুযায়ীও দণ্ডনীয় অপরাধ। এমন কর্মকাণ্ড আমাদের চিরায়ত সম্প্রীতিকে নষ্ট করে সমাজে বিভাজন সৃষ্টি করে।

তিনি সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধর্ম বা ধর্মীয় নেতাদের নিয়ে উসকানিমূলক মন্তব্য শেয়ার করেন। আবার কেউ কেউ না বুঝে বাড়িঘরে হামলা বা অগ্নিসংযোগ করেন। এগুলো মারাত্মক অপরাধ এবং কোনো অবস্থাতেই ক্ষমাযোগ্য নয়। অপরাধীর সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচ্য নয়— তাকে অপরাধী হিসেবেই দেখা হবে।

ড. খালিদ হোসেন আরও মন্তব্য করেন, যারা দেশের অর্থ পাচার করে বিদেশে বাড়ি-সম্পদ গড়ে তোলে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। প্রকৃত দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরিফ উদ্দিন। এতে আরও বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, পরিমল কান্তি শীল, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া এবং ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সারোয়ার আলম।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় জুলাই ২০২৪-এ নিহত শহীদদের স্মরণে নীরবতা পালন ও প্রদীপ প্রজ্বলন করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন