বাংলাদেশের ধারাবাহিক সমর্থন ও সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, সেখানকার মানুষ খাদ্য ও ওষুধের তীব্র সংকটে ভুগছে এবং শিশুদের অবস্থাই সবচেয়ে শোচনীয়।
রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুভূতি ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ সরকার সবসময় ফিলিস্তিনকে সহযোগিতা দিয়ে আসছে। শুধু সরকারই নয়, এখানকার সাধারণ মানুষও নিয়মিত খাদ্য ও ওষুধের সহায়তা পাঠাচ্ছেন। ফিলিস্তিনের জনগণ এ সহমর্মিতা সম্পর্কে অবগত, আর এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও যোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে প্রতিবাদ জানিয়েছে, তা ফিলিস্তিনিদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিও ফিলিস্তিনের সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন।
এলএনডি/এমআর






