জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা।
রবিবার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় এই অনুমোদন হয়।
মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি, সংশোধিত প্রকল্প দুটি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তিনটির।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এলএনডি/এমআর






