ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া গতকাল গণমাধ্যমে পাঠিয়েছে।
প্রথম ও দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে মোট ৮৪টি বিষয়ে সিদ্ধান্ত ও ঐকমত্য হয়েছে। এগুলোই চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত থাকবে।
প্রথম দফার আলোচনায় যে প্রস্তাবগুলোতে একমত হওয়া যায়, তার মধ্যে রয়েছে— স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল গঠন, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন, আইনজীবীদের আচরণবিধি প্রণয়ন, গণহত্যা ও ভোট কারচুপির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন, তথ্য অধিকার আইনের সংস্কার, দুর্নীতিবিরোধী কৌশলপত্র, নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধন, কমিশনার নিয়োগ প্রক্রিয়ার সংস্কার এবং আয়কর আইনের সংস্কার।
দ্বিতীয় দফার আলোচনায় কোনো ভিন্নমত ছাড়াই ১১টি মৌলিক সংস্কার প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো—
১. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন,
২. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ,
৩. রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান,
৪. বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ (সুপ্রিম কোর্ট ও উপজেলা পর্যায়ের অধস্তন আদালতের সম্প্রসারণ),
৫. জরুরি অবস্থা ঘোষণা,
৬. প্রধান বিচারপতি নিয়োগ,
৭. সংবিধান সংশোধন প্রক্রিয়া,
৮. প্রধানমন্ত্রীর মেয়াদকাল,
৯. নির্বাচন কমিশন গঠন,
১০. পুলিশ কমিশন গঠন,
১১. নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ।
অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। যেমন—
১. রাষ্ট্রের মূলনীতি: বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও গণফোরাম ভিন্নমত দিয়েছে।
২. রাষ্ট্রপতির নির্বাচনপদ্ধতি: ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিন্নমত।
৩. রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব: বিএনপি, এনডিএম, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, ১২–দলীয় জোট ও এলডিপির কিছু ভিন্নমত।
৪. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা: বিএনপি, এনডিএম, ১২–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের আপত্তি আছে।
৫. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: বিএনপি সংসদকেন্দ্রিক গঠনের পক্ষে; ভিন্নমত দিয়েছে লেবার পার্টি, এনডিএম, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২–দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও নেজামে ইসলাম পার্টি।
৬. উচ্চকক্ষে পিআর পদ্ধতি: বিএনপি ও এনডিএমের ভিন্নমত।
৭. উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ: বিএনপি ও এনডিএমের ভিন্নমত।
৮. উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা: সিপিবি, এনডিএম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আম জনতার দলের ভিন্নমত।
৯. নারী আসনের বিধান: সিপিবি, বাসদ ও আম জনতার দলের আপত্তি।
১০. ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও দুর্নীতি দমন কমিশনে নিয়োগ: বিএনপি, এনডিএম, ১২–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট ভিন্নমত দিয়েছে।
১১. ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যোগদান: জামায়াতে ইসলামী, গণতান্ত্রিক বাম ঐক্য, জাকের পার্টি, জেএসডি ও বিএসপির আপত্তি রয়েছে।
এলএনডি/এমআর






