বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে কোনো লিখিত চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি।
কূটনৈতিক সূত্র জানায়, নির্দেশনা আনুষ্ঠানিক কাগজপত্রের মাধ্যমে নয়, বরং টেলিফোনে কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে তাদের মাধ্যমে অন্যান্য মিশনে বিষয়টি পৌঁছে দিতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রও নিশ্চিত করেছে, অঞ্চলভিত্তিক কিছু রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এ বিষয়ে বলা হয়েছে এবং তারা নিজ নিজ অঞ্চলের মিশনগুলোতে বার্তাটি পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছেন।
দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, অনেকেই এখনও আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনা পাননি। তবে অন্তত দুইটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে, তারা সরকারের পক্ষ থেকে এ ধরনের বার্তা পেয়েছেন।
বিদেশে কর্মরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঢাকা থেকে আমাদের ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। লিখিত নির্দেশনা আসেনি, তবে অন্য মিশনগুলোতে বিষয়টি জানানো ও তদারকির দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে।”
আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি বিষয়টি জানিয়েছেন। তবে কাছের আরেকটি মিশনের মাধ্যমেও একই বার্তা তাদের কাছে পৌঁছেছে।
এলএনডি/এমআর






