অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে তিনি ডাক্তারদের মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ না করারও পরামর্শ দেন। শনিবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, রোগীরা চিকিৎসার জন্য ভারত বা থাইল্যান্ডে যেতে চায় না। যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের রয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়। প্রশ্ন রেখে তিনি বলেন, “পৃথিবীর কোথায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? তাহলে কি আপনারা ওষুধ কোম্পানির হয়ে কাজ করছেন? নিজেদের কোথায় নিয়ে যাচ্ছেন?”
উদাহরণ টেনে তিনি বলেন, “আমার বাসায় এক কর্মচারী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল। তাকে একসঙ্গে ১৪টি টেস্ট দেওয়া হয়। পরে সে ক্ষুব্ধ হয়ে ঢাকার বাইরে চিকিৎসা নেয়, যেখানে এত টেস্টের প্রয়োজন হয়নি।”
হাসপাতাল সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন ড. নজরুল। তিনি বলেন, “যদি একজন নার্সের বেতন হয় মাত্র ১২ হাজার টাকা, তবে সে কীভাবে ধৈর্য ধরে মানসম্মত সেবা দেবে?” এ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল মালিকদের মুনাফা কমিয়ে মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এলএনডি/এমআর






