নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই : প্রেস সচিব

Liberty News Desk
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, পুরো দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনসহ সরকারের সব দপ্তর মিলিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতেই ভোট হবে—এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা অযথা সন্দেহ সৃষ্টি করছেন, তাদের প্রতি আহ্বান—এটি বন্ধ করুন। রোজা শুরুর আগে নির্বাচন হবে এবং ডিসেম্বর মাসেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার আগে ভোট আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত শুরু হবে।

বর্তমানে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব, এবং এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে কাজ করছে। পাশাপাশি এটি সামাজিক দায়িত্বও—সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো নির্বাচন সম্ভব। এখন জেলা, উপজেলা ও পাড়া-মহল্লা পর্যায়ে মানুষ ভোটের অপেক্ষায় আছে। নির্বাচনের আমেজ শুরু হলে কারও মনে কোনো সন্দেহ থাকবে না।

পিআর পদ্ধতিতে ভোট হবে কি না—জানতে চাইলে শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে সংস্কার, যা বর্তমানে চলমান। আগে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল নির্বাচনের ঘোষণা আদৌ আসবে কি না, কিন্তু ঘোষণা এসেছে। একইভাবে, জুলাই চার্টারের সংস্কার বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং তা ইতিবাচক পর্যায়ে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। এর মাধ্যমে জাতি একটি উন্নত শাসনব্যবস্থা পাবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন