আগামী এক দিনের মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ১৫ থেকে ২০টি জেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান।
তার ভাষ্যে, বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৫-১০টি জেলা এবং তিন দিনের মধ্যে ১৫-২০টি জেলা মারাত্মক বন্যার মুখে পড়তে পারে। তিনি আরও দাবি করেন, বাংলাদেশ আবারও ভারতের পানিবন্ধী নীতির শিকার হতে পারে।
তিনি উল্লেখ করেন, ভরা বর্ষায় পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা ও এর শাখা নদীগুলোতে বিপুল পরিমাণ পানি আটকে রাখা হয়েছিল জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। এর ফলে নদীর পানি ধারণক্ষমতার সীমা ছাড়িয়ে যায়, বিশেষ করে ১২ ও ১৩ আগস্টের ভারী বর্ষণের পর।
মোস্তফা কামাল পলাশ জানান, ১৩ আগস্ট থেকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে বলে রাজশাহী জেলার বাসিন্দাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এতে নদীর উজানে জমে থাকা পানি দ্রুত বাংলাদেশে প্রবেশ করছে, যা অন্তত এক থেকে দুই সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা।
তার মতে, এ পরিস্থিতিতে পদ্মা ও এর শাখা-উপনদীর তীরবর্তী বহু জেলা শিগগিরই প্লাবিত হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগে এ বছর বর্ষায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে, ফলে ওই অঞ্চলের নদ-নদীর পানি ইতিমধ্যেই বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।
তিনি আরও জানান, বর্তমানে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় বন্যার ঝুঁকি বাড়িয়েছে। তার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৭ আগস্ট থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫-২০টি জেলা বন্যায় প্লাবিত হতে পারে।
এলএনডি/এমআর






