হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, কোনো এজেন্সির কাছ থেকে অর্থ দাবি করে—তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা নেব। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।”
তিনি আরও জানান, এক হজ এজেন্সির মালিক সৌদি আরবে ৩ হাজার বিড়ি নিয়ে গিয়েছিলেন এবং দেশে ফেরার পথে প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা পড়েন। এমন কর্মকাণ্ড অনেক এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি জানান, নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে সরকার ভাবছে।
এছাড়া তিনি বলেন, সৌদি আরবে সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাতিলের দাবি এবং মুজদালিফায় টয়লেট সুবিধা উন্নত করার অনুরোধ ঢাকা পক্ষ থেকে জানানো হবে। এ বছরের মতো ২০২৬ সালেও উন্নত হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ধর্ম উপদেষ্টা আরও জানান, হজ প্রক্রিয়াকে মধ্যসত্ত্বভোগীদের প্রভাব থেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি হজ ফ্লাইটের ভাড়া নির্ধারণ নিয়ে বৈঠকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এলএনডি/এমআর






