তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
গত ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস দেশটিতে সফরে যান। ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান তিনি।
সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে— প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম এমওইউ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন বিষয়ে দ্বিতীয় এমওইউ, মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বিষয়ে তৃতীয় এমওইউ।
এ ছাড়া, মালয়েশিয়ার মাইমস সার্ভিসেস এসডিএন বিএইচডি (এমএসএসবি) ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে চতুর্থ এমওইউ এবং মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) ও বাংলাদেশের এফবিসিসিআইয়ের মধ্যে পঞ্চম এমওইউ স্বাক্ষরিত হয়।
এলএনডি/এমআর






