র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তি নিয়ে বর্তমানে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিভিন্ন মহলে র্যাব বিলুপ্তির প্রসঙ্গ উঠলেও এ নিয়ে তার অবস্থান জানতে চাইলে র্যাব প্রধান বলেন, “আমরা এখন ব্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়ার কাজে। যাতে তারা ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা বা অপহরণের শিকার না হন।”
তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্যই আমাদের মূল মনোযোগ। অপরাধীদের গ্রেপ্তার করাই এখন প্রধান লক্ষ্য। সুতরাং র্যাব বিলুপ্তি হবে কি না, সেটা সরকারের বিষয়—আমরা এ নিয়ে চিন্তা করছি না।”
আসন্ন জাতীয় নির্বাচনে র্যাবের প্রস্তুতি প্রসঙ্গে এ কে এম শহিদুর রহমান জানান, “সরকার বা নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, তা পালন করতে আমরা প্রস্তুত। ৫ আগস্টের পর থেকে আপনারা দেখেছেন, র্যাব কীভাবে কাজ করছে। দেশে বড় কোনো অপরাধ ঘটলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিই। মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছি।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে প্রথম আসামি আমরাই গ্রেপ্তার করি, পরে পুলিশ ও আমরা যৌথভাবে মোট আটজনকে গ্রেপ্তার করেছি। এমনকি আট টুকরো লাশ ফেলে রাখা একটি ক্লুলেস হত্যাকাণ্ডও স্বল্প সময়ে শনাক্ত করে তিন আসামিকে আটক করেছি।”
এলএনডি/এমআর






