আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়াতে পুলিশের জন্য অন্তত ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা (বডিক্যাম) কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রবিবার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
বার্তায় বলা হয়, শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়টি আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ জানান, ৪০ হাজার বডিক্যাম কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এগুলো হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে ব্যবহার হবে। তিনি আরও বলেন, অক্টোবরের মধ্যে ডিভাইসগুলো সংগ্রহ করা হবে, যাতে পুলিশ সদস্যরা এআই সুবিধাসহ বডিক্যামের মূল বৈশিষ্ট্যগুলোতে প্রশিক্ষণ নিতে পারেন।
এদিকে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ করা হয়েছে। নির্বাচনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এসব বডিক্যাম বুকে পরে দায়িত্ব পালন করবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে নির্দেশ দেন, দ্রুত বডিক্যাম ক্রয় সম্পন্ন করে পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। তিনি বলেন, “যে কোনো মূল্যে সব ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য এই নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে তোলা।”
বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী জানান, আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে। অ্যাপটিতে প্রার্থীর তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর সুযোগসহ বিভিন্ন সুবিধা থাকবে। প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, দ্রুত অ্যাপটি চালু করতে হবে এবং যেন ১০ কোটির বেশি ভোটার সহজে ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।
এলএনডি/এমআর






