২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি নির্বাচন কমিশনের প্রধানকে একটি চিঠি পাঠাব, যাতে তিনি আগামী রমজানের আগেই—২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে—জাতীয় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করেন।”
তিনি আরও যোগ করেন, “আমি আপনাদের কাছে দোয়া চাই, যাতে এই নির্বাচন একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দেশের জনগণ নতুন এক বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব, যাতে এই নির্বাচন শান্তি, নিরাপত্তা, অংশগ্রহণ ও সৌহার্দ্যের দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। আগামীকাল থেকেই আমরা প্রস্তুতি শুরু করব—মানসিক ও প্রাতিষ্ঠানিক—একটি সফল নির্বাচন আয়োজনের লক্ষ্যে।”
প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে প্রবাসে বসবাসরত নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙা করে তোলার পেছনে প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই তাদের এই নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এখন সময়ের দাবি। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, নারীদের অংশগ্রহণ যাতে আনন্দ ও উৎসাহের সঙ্গে হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশের প্রতিটি ভোটকেন্দ্রে নারীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য, নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে নাগরিকরা তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এবার আমরা সেই অধিকার ফিরিয়ে নিতে চাই উৎসবমুখর পরিবেশে, পরিপূর্ণ আনন্দ নিয়ে। অনেকেই আছেন, যাঁরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন—তাঁদের জন্য দিনটি যেন হয় এক স্মরণীয় উপলক্ষ। নতুন ভোটারদের মধ্যে থাকবেন নারী-পুরুষ উভয়েই। কেউ ১৫ বছর আগে থেকে ভোট দেওয়ার যোগ্য ছিলেন, কিন্তু কখনো ভোট দিতে পারেননি। কেউ হয়তো ১০ বা ৫ বছর আগে ভোটার ছিলেন, কিন্তু সুযোগ পাননি। আবার এমন অনেক তরুণ-তরুণী এবার প্রথমবার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং এবারই প্রথমবার তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন—এটা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






