সম্প্রতি রাজধানীতে একটি ‘গোপন বৈঠক’ আয়োজনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৈঠকটিকে কেন্দ্র করে সন্দেহজনক ভূমিকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সেনা সদরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়।
গত ৮ জুলাই ঢাকার বসুন্ধরাসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে একটি ‘গোপন বৈঠক’ আয়োজন করা হয়—এমন অভিযোগে ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই দিনব্যাপী বৈঠকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বৈঠকে সেনাবাহিনীর এক মেজর উপস্থিত থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা ও “প্রশিক্ষণ” দেন।
পুলিশের ভাষ্যমতে, বৈঠকের উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, “ওই মেজরের বিষয়ে আমরা অবগত আছি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি জানার পর তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






