স্লোগানে অবরুদ্ধ শাহবাগ : ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’

Liberty News Desk
সংগৃহীত ছবি

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা শাহবাগ অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে উঠে আসে—
‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’,
‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’,
‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’,
‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’,
‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা লাল-সবুজ পতাকা হাতে অবস্থান করছেন। তাদের অনেকের গলায় রয়েছে ব্যানার ও প্ল্যাকার্ড, যাতে লেখা— “জুলাই সনদ চাই, অধিকার চাই”। পাশে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

জুলাই যোদ্ধারা জানান, অনেক দিন ধরেই জুলাই সনদের দাবি জানিয়ে আসছেন তারা। তাদের দাবি, ২০২৪ সালের জুলাই মাসে যে সংগ্রাম, আত্মত্যাগ ও আন্দোলনের ইতিহাস সৃষ্টি হয়েছে, তা স্বীকৃতি পাওয়ার যোগ্য। আহত ও শহিদ পরিবারের সদস্যদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই তারা এই সনদের দাবি জানিয়ে আসছেন।

আন্দোলনকারীদের একজন বলেন, “জুলাই সনদ আমাদের দাবি নয়, আমাদের অধিকার। আমরা যেটুকু ত্যাগ করেছি, তার বিনিময়ে এই রাষ্ট্রের কর্তব্য আমাদের মর্যাদা দেওয়া।”

তারা হুঁশিয়ার করে বলেন, দাবি পূরণ না হলে শাহবাগেই অস্থায়ী মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, বিক্ষোভের কারণে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আন্দোলনকারীরা জানান, যতক্ষণ না সরকারিভাবে জুলাই সনদের ঘোষণা দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা অবস্থান ছাড়বেন না।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন