নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে লুট হওয়া সব অস্ত্র উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, তবে নির্বাচন শুরুর আগেই বাকিগুলো উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে র্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন তিনি।
তিনি বলেন, “জুলাইয়ের ঘটনার মামলাগুলোর অনেকগুলোর তদন্ত শুরু হয়েছে। তবে লক্ষ্য করছি, এসব মামলায় অনেককে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। এজন্য তদন্তে কিছুটা সময় লাগছে। তবে আমরা নিশ্চিত করতে চাই—নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়।”
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “সাংবাদিকরা যদি সবসময় সত্য প্রকাশ করে, তাহলে কখনো বিভ্রান্তি তৈরি হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা সত্য, কেবল সেটাই প্রকাশ করা হয়। এতে জনগণ সচেতন হয় এবং বিভ্রান্তি এড়ানো সম্ভব।”
তিনি আরও বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সবসময় সমস্যা তৈরি করতে চাইবে। তবে আমাদের কাজ হলো আইনশৃঙ্খলা ঠিক রাখা। রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তারা ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নেওয়ার চেষ্টা করবে, আর আমরা দেখব দেশের শান্তিশৃঙ্খলা বজায় থাকে।”
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, তারেক আল মেহেদী, ইসরাত জাহানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






