সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
এর আগে, ২০২৪ সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহীন শাহবাগ থানায় এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিচারক হিসেবে তিনি দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরি করেছেন। এ অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলা দায়ের করা হয়।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে, বয়স ৬৭ পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান। আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষ দিকে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর, ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন এবং এরপর আর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি।
তিনি বিচারপতি থাকাকালীন সময়ে কয়েকটি বিতর্কিত রায় দেন। তার সময়েই সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল সবচেয়ে আলোচিত। এছাড়া বঙ্গবন্ধুকে একমাত্র স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এরশাদের সময়কার সংশোধনী বাতিল, নোবেলজয়ী ড. ইউনূসকে অপসারণের বৈধতা প্রদান, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পক্ষে রায় এবং ‘দৈনিক আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানকে সাজা দেওয়ার মতো রায়ও এসেছে তার নেতৃত্বাধীন বেঞ্চ থেকে।
তাঁর বিরুদ্ধে বিচারিক ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় ও জাল রায় তৈরি করার অভিযোগে মামলা দায়ের হয় ২০২৪ সালের আগস্টে। আজকের গ্রেপ্তারের সঙ্গে এসব মামলার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






