উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার ভয়াবহতার প্রত্যক্ষদর্শী ছিলেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন, যিনি নিজে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
তিনি বলেন, “একটি প্রচণ্ড শব্দ হয়। শব্দের সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে আসি। এসে দেখি একটা অংশ পুরো ভেঙে গেছে। তারপরই সবাই বলে আগুন আগুন। যেখানে বিমানটা পড়েছে ওখানটায় গিয়ে দেখি মাত্র আগুন ধরছে। তারপর পরই সময় যত বেড়েছে আগুনের পরিমাণ ততই বেড়েই চলছিল।”
তিনি বলেন, শুরুতে বোঝা যায়নি কী ঘটেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সব কিছু দগ্ধ হতে শুরু করে। তিনি আর দেরি না করে দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন। তবে হতভম্ব অনেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বের হতে পারেননি সময়মতো।
এই ভয়ংকর পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে শিক্ষক নাসিরসহ অনেকে দ্রুত এগিয়ে যান। শিক্ষিকা মাহরিন চৌধুরীও এমন সাহসিকতা দেখাতে গিয়ে গুরুতর দগ্ধ হন এবং পরে মৃত্যুবরণ করেন।
“আমি চিৎকার করে সবাইকে বের হতে বলছিলাম। কিন্তু ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে কিছুই করার ছিল না,”—বললেন শিক্ষক নাসির।
নাসির উদ্দিন আরও বলেন, “সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, এতটা হঠাৎ ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। সবাই দিকবিদিক ছুটে যাচ্ছিল। শিক্ষার্থীদের চোখে আতঙ্ক, আর কান্নার শব্দ এখনো কানে বাজছে।”
ঘটনার পর উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনিসহ স্থানীয়রা। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






