টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ‘প্রহরায়’ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুলিশের কড়া পাহারায় তাদের গাড়িবহর বের হয়। গাড়িগুলো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে দিয়াবাড়ি সংলগ্ন মেট্রোরেল ডিপো দিয়ে বেড়িয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
মহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন উপদেষ্টারা। পরে তাদেরকে বিভিন্ন দাবি-দাওয়া জানান শিক্ষার্থীরা। দাবিগুলো মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন। বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরে উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে আশ্রয় নেন।
তিনি বলেন, ‘সন্ধ্যায় শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুই উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও প্রেস উইংয়ের সদস্যরা বেরিয়ে গেছেন।’
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
এ ঘটনা পরিদর্শনে এসেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






