রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। এতে দিয়াবাড়ী গোলচত্বরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টা থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলনে নেমেছেন। ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘বিচার চাই বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপন করছেন।
এ সময় দেখা যায়, কলেজের ভেতর থেকে প্রশাসনের কর্মকর্তাদের কয়েকটি গাড়ি বের হচ্ছিল, তখন শিক্ষার্থীরা সেসব গাড়ি ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তখন ভবনে ক্লাস চলছিল; ফলে বহু স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।
সর্বশেষ মঙ্গলবার সকাল ৮টার তথ্যে অনুযায়ী নিহত ২৭ জন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় দায় নির্ধারণ, পরিচয় নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের দাবিতেই শিক্ষার্থীরা এখন রাস্তায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, তারা সহিংসতা চান না; কিন্তু “অন্যায়ের বিরুদ্ধে অবস্থান” স্পষ্ট। “এত বড় দুর্ঘটনা—কেউ দায় নিচ্ছে না, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেই”—এটাই তাদের ক্ষোভ।
ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—(১) নিহতদের পূর্ণ নাম–ঠিকানা প্রকাশ, (২) আহতদের নির্ভুল তালিকা, (৩) শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, (৪) ক্ষতিপূরণ প্রদান, (৫) ঝুঁকিপূর্ণ বিমান অবিলম্বে বাতিল/গ্রাউন্ডেড, (৬) প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার ও নিরাপত্তা মান উন্নয়ন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






