তৌকির মা বাবা ঢাকার উদ্দেশে যখন বিমানে উঠেছিলেন, তখনো জানতেন না তাদের স্নেহের সন্তানটি আর নেই। ভেবেছিলেন, গুরুতর আহত তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় লড়ছেন মৃত্যুর সঙ্গে। অথচ এর মধ্যেই তার নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে—অন্য এক বিমানে।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ১৮ মিনিটে বিশেষ একটি ফ্লাইটে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা। সন্ধ্যা ৬টার দিকে তারা ঢাকায় এসে পৌঁছান।
তবে, রওনা হওয়ার আগে মা সালেহা খাতুন ও বাবা তোহরুল ইসলাম জানতেন না তাদের সন্তান তৌকির আর বেঁচে নেই। তারা জানতেন তৌকির চিকিৎসাধীন আছেন। বিশেষ ওই বিমানে মা-বাবার সঙ্গে আরও ছিলেন তৌকিরের স্ত্রী, বোন সৃষ্টি খাতুন ও তার স্বামী ডা. তুহিন ইসলাম।
তবে তখনো মা সালেহা খাতুন ও বাবা তোহরুল ইসলামের জানা ছিল না, ঢাকার আকাশে তাদের স্বপ্নের সন্তান ভেঙে পড়েছেন। জানতেন না, তাদের চোখের মণি, তাদের গর্বের তৌকির চলে গেছেন না ফেরার দেশে।
বিষয়টি নিশ্চিত করেন তাদের গাড়িচালক আলী হাসান। তিনি বলেন, ঢাকায় রওনা হওয়ার আগে পরিবারের কাউকে তৌকিরের মৃত্যুর খবর জানানো হয়নি। হৃদয়বিদারক এমন খবরে পরিবারের মানসিক অবস্থা কী হবে, সেটিই ছিল আশঙ্কার বিষয়।
রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের ‘আশ্রয়’ নামে ভাড়া বাসায় তখন নেমেছে শোকের ছায়া। চারদিকে শুধু কান্নার শব্দ। তৌকিরের চাচাতো মামা রফিকুল ইসলাম আর গাড়িচালক আলী হাসান ছিলেন বাড়িতে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্বজন ও পাড়া প্রতিবেশী।
তৌকির ইসলামের বড় চাচা মতিউর রহমান বলেন, ঢাকায় রওনা হওয়ার আগে তৌকিরের বাবা-মাকে নিহতের খবর জানানো হয়নি। গত বছর তার বিয়ে হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তার স্ত্রী ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকা।
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






