প্রয়োজনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত না হওয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রয়োজনে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

শনিবার (১৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করতেও পিছপা হবে না বর্তমান সরকার।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের ঘটনায় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি সম্প্রচার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওই সম্প্রচারের মাধ্যমেই সাধারণ মানুষ পুরো বিষয়টি প্রত্যক্ষ করতে পেরেছে। এ ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা পুরো ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ করবে এবং ঘটনার সব দিক সবার সামনে উপস্থাপন করবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন