কমিশনের পুষ্টি ও মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব সমর্থনযোগ্য : জিয়া হায়দার

Liberty News Desk

নারী বিষয়ক সংস্কার কমিশনের স্বাস্থ্য ও পুষ্টি-সংক্রান্ত কিছু প্রস্তাবকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও পুষ্টিবিদ ড. জিয়া হায়দার।

গতকাল নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি এবং শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের প্রস্তাব অত্যন্ত ইতিবাচক। মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে এটি কার্যকর ভূমিকা রাখবে।’

তিনি জানান, দীর্ঘদিন ধরেই পুষ্টিবিদ ও উন্নয়ন চিন্তাবিদেরা এ দাবি জানিয়ে আসছেন। যদিও কিছু অগ্রগতি হয়েছে, তবে বহু কাজ এখনো অসমাপ্ত।

ড. হায়দার আরও বলেন, বিএনপি অতীতেও নারীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে। তাই ‘নারী উন্নয়ন’ বিষয়টি ৩১ দফার রাষ্ট্র মেরামতের রূপরেখাতেও রাখা হয়েছে।

তবে সংস্কার কমিশনের রিপোর্টের সব প্রস্তাবে তিনি একমত নন। বিশেষ করে বৈবাহিক ধর্ষণকে ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া ও যৌনকর্মীদের শ্রম অধিকার নিশ্চিত করার মতো প্রস্তাব নিয়ে সামাজিক ও ধর্মীয় সংবেদনশীলতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ‘এসব বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের আগে সমাজের প্রস্তুতি ও ধর্মীয় অনুভূতি বিবেচনায় নেওয়া দরকার।’

তবু স্বাস্থ্য ও পুষ্টি-সংক্রান্ত সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে ওঠার আহ্বান জানান ড. হায়দার।

শেয়ার করুন