পশ্চিমবঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষিতে বাংলাদেশের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান প্রত্যাখ্যান করেছে ভারত, যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পশ্চিমবঙ্গ ও ভারতের কেন্দ্রীয় সরকারকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ আহ্বান জানালে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঢাকার অবস্থানকে “ছলনাময় ও বিভ্রান্তিকর” বলে অভিহিত করে বলেন, বাংলাদেশ বরং তাদের নিজস্ব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অপরাধীরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে।
এর আগে বাংলাদেশ সরকার মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। নতুন ওয়াকফ আইন ঘিরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলাজুড়ে। সেখানে আগুন লাগানো, রাস্তা অবরোধ ও ইটপাটকেল ছোঁড়ার মতো ঘটনা ঘটে।
এলএনডি/বিজি






