শীত ধীরে ধীরে জমতে শুরু করেছে, আর এই মৌসুমে ঠাণ্ডা-কাশিসহ নানা অসুস্থতা দেখা দেওয়া খুবই সাধারণ বিষয়। তাই শরীর উষ্ণ রাখা এবং এনার্জেটিক থাকতে সঠিক খাবার নির্বাচন জরুরি। সেই তালিকায় খেজুর একটি বহুল পরিচিত ও পুষ্টিকর ফল। এতে রয়েছে প্রচুর ফাইবার, আয়রন, ভিটামিন ও ম্যাগনেসিয়াম—যা শীতকালে শরীরকে উষ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেজুরের সঙ্গে গরম দুধ খেলে এর উপকারিতা আরও বাড়ে। এবার দেখে নেওয়া যাক খেজুরের কয়েকটি উল্লেখযোগ্য উপকার—
হৃদপিণ্ডের জন্য উপকারী
শীতের সময়ে হৃদরোগের ঝুঁকি কিছুটা বাড়ে। নিয়মিত খেজুর খেলে হৃদপিণ্ড সুস্থ থাকতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, খেজুরে থাকা ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, যা হার্টের জন্য উপকারী হতে পারে।
হাঁপানি উপশমে সহায়ক
আবহাওয়ার পরিবর্তনে অনেকেই শ্বাসকষ্ট বা হাঁপানিতে ভোগেন। বিশেষজ্ঞদের মতে, সকাল ও সন্ধ্যায় এক–দুইটি খেজুর খেলে শরীর গরম থাকে এবং হাঁপানির উপসর্গ কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে।
শীতের ত্বক শুষ্কতা কমায়
শীতের কারণে ত্বক সহজেই রুক্ষ হয়ে যায়। খেজুরে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের শুষ্কতা কমায় এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। নিয়মিত খেলে ত্বকের বলিরেখাও ধীরে ধীরে কমতে পারে।
স্নায়ুতন্ত্রকে মজবুত রাখে
খেজুরে থাকা পটাশিয়াম ও অল্প পরিমাণ সোডিয়াম স্নায়ুর জন্য ভালো। এটি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
ওজন বাড়াতে চান বা কমাতে চান—উভয় ক্ষেত্রে খেজুর উপকারী হতে পারে। এতে থাকা শর্করা, প্রোটিন ও ভিটামিন শক্তি জোগায়। একই সঙ্গে শশার সঙ্গে খেলে এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক বলে মনে করা হয়।
হিমোগ্লোবিন বৃদ্ধি করে
খেজুর হলো আয়রনের ভালো উৎস। নিয়মিত খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। রক্তাল্পতা, শক্তি কমে যাওয়া বা ত্বক ফ্যাকাশে হয়ে গেলে খাদ্যতালিকায় খেজুর যোগ করা উপকারী হতে পারে। গর্ভবতী নারীদের জন্যও এটি পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত।
এলএনডি/এমআর






