গরম দিন শেষে আস্তে আস্তে শীতের আমেজ বাড়ছে। এখনই সময় আলমারি থেকে লেপ–কম্বল, সোয়েটার, জ্যাকেট বা মাফলার বের করার প্রস্তুতি নেওয়ার। শীতের পোশাক অনেক দিন বন্ধ থাকলে স্যাঁতসেঁতে বা বাজে গন্ধ হতে পারে। তাই ব্যবহার শুরু করার আগে পোশাক পরিষ্কার করে নেওয়া জরুরি। সময় না থাকলে কিছু ঘরোয়া উপায়ে সহজেই গন্ধ দূর করতে পারেন।
বেকিং সোডা: একটি ছোট বাটিতে কিছু বেকিং সোডা নিয়ে আলমারির কোণে রেখে দিন। চাইলে পোশাকের ভাঁজে ভাঁজেও সামান্য ছিটিয়ে রাখতে পারেন। সারারাত রেখে পরদিন ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন—দুর্গন্ধ মিলিয়ে যাবে।
ভিনেগার: সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। সোয়েটার, জ্যাকেট বা কার্ডিগানে হালকা স্প্রে করে দিন। তারপর রোদে বা বাতাসে শুকাতে দিন। এতে পোশাকের গন্ধ দূর হবে এবং ড্রাই ক্লিনিংয়ের খরচও কমবে।
এসেনশিয়াল অয়েল: ল্যাভেন্ডার, টি ট্রি, ইউক্যালিপটাস বা সিট্রোনেলার মতো এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এক কাপ পানিতে কয়েক ফোঁটা অয়েল মিশিয়ে পোশাকে স্প্রে করুন। কয়েক ঘণ্টা খোলা হাওয়ায় রাখলেই সতেজ গন্ধ ফিরে আসবে।
অ্যাক্টিভেটেড চারকোল: আলমারির এক কোণে একটি ছোট পাত্রে অ্যাক্টিভেটেড চারকোল রাখলে স্যাঁতসেঁতে গন্ধ শোষণ করে নেয়। এটি ন্যাপথলিনের ভালো বিকল্প হিসেবেও কাজ করে।
এলএনডি/এমআর






