শরীর সুস্থ রাখতে অনেকেই নানা উপায় অবলম্বন করেন। কেউ ওজন কমাতে না খেয়ে থাকেন, কেউ আবার দিন-রাত ব্যায়াম করেন। কিন্তু সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো সঠিক খাবার নির্বাচন এবং সঠিক সময়ে তা খাওয়া। যখন যা ইচ্ছে তাই খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে না, ফলে ভিটামিনের ঘাটতি বা অতিরিক্ততার কারণে নানা রোগের ঝুঁকি তৈরি হয়।
দৈনন্দিন ব্যস্ততায় অনেকেই যা হাতের কাছে পান, তাই খেয়ে নেন। এর ফলে গ্যাস্ট্রিক, হজমের সমস্যা, দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে। বিশেষ করে সকালের নাস্তা ঠিকমতো না হলে সারাদিন শরীরে শক্তি কমে যায়। পুষ্টিবিদদের মতে, সকালের খাবার বাদ দেওয়া উচিত নয় এবং কী খাবেন তা ঠিক করাও জরুরি। কারণ সকালের সঠিক খাবার দিনের বাকি সময়ের শক্তি ও সুস্থতার ভিত্তি তৈরি করে।
সকালে খালি পেটে উপকারী কিছু খাবার—
- মধু মিশ্রিত পানি
সকালে অনেকেই লেবু ও মধু মিশিয়ে পানি খান। তবে লেবুতে গ্যাস্ট্রিক সমস্যা হলে শুধু মধু গরম পানিতে মিশিয়েও খাওয়া যায়। মধুতে থাকে খনিজ, ভিটামিন ও এনজাইম, যা শরীর পরিষ্কার রাখতে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। - ভেজানো কাঠবাদাম
সকালে খালি পেটে ভেজানো আমন্ড খেলে সারাদিন শরীরে শক্তি বজায় থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। আমন্ডে রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ওমেগা–৩ ও ওমেগা–৬ ফ্যাটি অ্যাসিড। সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায়। - ডিম
ডিম সেদ্ধ বা অমলেট আকারে সকালের নাস্তায় রাখা ভালো। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে, ফলে অযথা খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। - ওটস
সকালের নাস্তায় দুধ বা টকদই দিয়ে ওটস খাওয়া যায়। চাইলে গরম পানি, ওটস ও পাকা কলা দিয়ে পরিজ তৈরি করলে তা কোলেস্টেরল নিয়ন্ত্রণে এবং হজমের জন্য উপকারী।
এলএনডি/এমআর






