বাইরে বের হলে কাজের ব্যস্ততায় অনেক সময় আমরা কী খাচ্ছি বা কী পান করছি, সেটি খেয়াল করার সুযোগ থাকে না। অথচ অজান্তেই খাবার বা পানীয়ের মাধ্যমেই স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে, বিশেষ করে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা।
সম্প্রতি নিউরোসায়েন্টিস্ট রবার্ট ডব্লিউ বি লাভ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এমন তিনটি প্রচলিত পানীয় রয়েছে, যা নিয়মিত পান করলে মস্তিষ্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। এর ফলে স্মৃতিশক্তি কমে যাওয়া ছাড়াও দেখা দিতে পারে নানা স্নায়বিক সমস্যা।
১. অ্যালকোহল
মদ্যপানের ক্ষতির কথা নতুন নয়। বিশেষজ্ঞের মতে, অ্যালকোহল মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়, যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে ও স্মৃতিশক্তি দুর্বল হয়। এছাড়া এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, যা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘদিন নিয়মিত পান করলে অনিদ্রা ও স্মৃতিভ্রষ্টতার ঝুঁকি বাড়ে।
২. চিনি যুক্ত সোডা
সোডা পানীয়তে উচ্চমাত্রার চিনি থাকে, যা শরীরে শর্করার মাত্রা বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে। দীর্ঘমেয়াদি এই প্রদাহ অ্যালঝেইমার্সসহ নানা নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত চিনি মেশানো সোডা পান করলে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৬৯% পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনকি ডায়েট সোডাও মস্তিষ্কের জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ।
৩. অপরিশোধিত কলের পানি
বর্ষাকালে ডায়রিয়া ও আমাশয়সহ নানা পেটের রোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা তাই কলের পানি ফুটিয়ে বা ফিল্টার করে পান করার পরামর্শ দেন। কারণ, অপরিশোধিত পানিতে থাকা ফ্লুয়োরাইড মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। দাঁতের সুরক্ষায় এটি ব্যবহার হলেও দীর্ঘদিন অপরিশোধিত অবস্থায় পান করলে স্নায়বিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়।
সতর্ক থাকাই সুরক্ষার উপায়
মস্তিষ্ক সুস্থ রাখতে শুধু খাবারের দিকে নয়, পানীয় নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক হওয়া জরুরি। যেসব পানীয় প্রতিদিনের জীবনে সহজলভ্য, সেগুলোও হতে পারে জটিল রোগের কারণ। বিশেষজ্ঞদের মতে, সঠিক জীবনযাপন ও সুষম খাদ্যের পাশাপাশি নিরাপদ পানীয় নির্বাচন ভবিষ্যতের অনেক শারীরিক ও মানসিক সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।
এলএনডি/এমআর






